আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

আল-আমিন হোসেন, (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সমর্থনে চৌহালীতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।

নিলোফার চৌধুরী মনি বলেন, “আপনাদের কপাল ভালো যে আপনারা আমিরুল ইসলাম খান আলীমের মতো একজন সোনার টুকরা ছেলেকে প্রার্থী হিসেবে পেয়েছেন। তাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে নিশ্চিত থাকুন আপনারা একজন মন্ত্রী পাবেন। আমি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, আলীম নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আপনারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার আমরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবো। ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাকে এই এলাকায় এনে আপনাদের দীর্ঘদিনের প্রাণের দাবি—চৌহালী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।” তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।

জনসভা উপলক্ষে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন, যা এক সময় বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

  • আমিরুল ইসলাম খান আলীম
  • নিলোফার চৌধুরী মনি
  • বিএনপি
  • সিরাজগঞ্জ-৫