৬ মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন, কিভাবে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

লামিয়া আক্তার (শোবিজ রিপোর্টার)

মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আগের ও বর্তমান সময়ের দুটি ছবি শেয়ার করে ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে নেমে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।নিজের এই পরিবর্তনের পথ মোটেও সহজ ছিল না বলে জানান বাঁধন। তিনি লেখেন, দীর্ঘদিন মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং বংশগত বিষয়গুলোকে অবহেলা করার কারণেই তার ওজন বাড়তে শুরু করে। তবে সেই জায়গা থেকে নিজেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি।বাঁধনের ভাষ্য অনুযায়ী, সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং নিজের ওপর অটুট বিশ্বাস রাখার মাধ্যমেই ছয় মাসে এত বড় পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি জানান, এটি কেবল বাহ্যিক পরিবর্তনের গল্প নয়, বরং ভেতর থেকে নিজেকে সুস্থ করে তোলার একটি যাত্রা।এই পুরো প্রক্রিয়ায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে। মেয়ের উৎসাহেই তিনি নিয়মিত ব্যায়াম করতে শুরু করেন, জাঙ্ক ফুড পরিহার করেন এবং প্রতিদিন নিজের প্রতি আস্থা রাখতে শেখেন। বাঁধন লিখেছেন, এটি শুধু ওজন কমানোর গল্প নয়—এটি নিরাময়, শক্ত হয়ে ওঠা এবং আত্মসম্মান ফিরে পাওয়ার একটি চলমান পথচলা।বাঁধনের এই রূপান্তর ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার এই পরিবর্তনকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন তার দৃঢ় মনোবলের প্রশংসা করে।এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।