৩ টি আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনের বেশ কিছু কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করার দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা এই দাবি জানান।

নির্বাচন ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এই আসনগুলোর নির্দিষ্ট কিছু কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে জোটটি।

অ্যাডভোকেট হেলাল অভিযোগ করেন, কুমিল্লার একটি আসনে তাদের এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া নরসিংদী-৪ আসনে বিএনপি নেতাকর্মীরা ব্যালটে সিল মেরেছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, “অনিয়মের প্রমাণ হিসেবে আমরা শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। আমরা চাই একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ফলাফল।”

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রেও অনিয়মের ঘটনা ঘটেছে যা কমিশনকে অবহিত করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “এখনো ভোটগ্রহণ চলছে, এ অবস্থায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”

এর আগে বিকেল সোয়া ৩টায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসে।