খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি; আটক ৩

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক, খুলনা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানসার আক্রান্ত বাবা এস এম শফিকুল ইসলাম সানার উন্নত চিকিৎসার জন্য তাঁকে কয়রা থেকে খুলনায় নিজের বাড়িতে নিয়ে আসেন শাহনাজ পারভিন। সোমবার দুপুরে অভিযুক্তরা ওই বাড়িতে প্রবেশ করে দাবি করেন যে, সেখানে একজন আওয়ামী লীগ নেতা আত্মগোপন করে আছেন। এই অজুহাতে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী শাহনাজ পারভিন কৌশলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত পৌঁছে তিনজনকে আটক করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। বর্তমানে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • এনসিপি
  • খুলনা সংবাদ
  • চাঁদা দাবি