১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।মির্জা ফখরুল বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পার্লামেন্টে যাবে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন, তাদের সাথে নিয়েই আমরা সরকার গঠন করবো।”

নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। যখনই গণতন্ত্রকে অবদমিত করা হয়, তখনই উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের দমন-পীড়নের কারণেই হয়েছে। তবে দেশের মানুষ ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে এবং বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।”

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বিএনপি যে ‘জুলাই সনদে’ সই করেছে, তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পর্যায়ক্রমে কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনের এই ফলাফলকে ‘ল্যান্ডস্লাইড ভিক্টোরি’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার জনগণ গ্রহণ করেছে বলেই এই বিপুল বিজয় সম্ভব হয়েছে।