
ছবি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিশাল ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেন নেতা-কর্মীরা।
আবদুল্লাহ আল জাবের বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করব, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে যাবে, তারা দেশের মাটিতে কোনো আশ্রয় পাবে না।” তিনি আরও জানান, সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নিতে আহ্বান জানানো হবে। যারা হাদি হত্যার বিচারের পক্ষে থাকবে, শুধু তাদেরকেই ভোট দেবে তরুণ প্রজন্ম।
মামলার অভিযোগপত্রের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডিবি থেকে বলা হয়েছে ঘটনার দিন পাঁচটি টিম ছিল, অথচ চার্জশিটে শুধু কয়েকজনের নাম কেন? ইনকিলাব মঞ্চের দাবি, ৩০০ আসনেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চলবে এবং আগামী নির্বাচনে এই হত্যাকাণ্ড বিচারহীনতার প্রভাব পড়বে।
