
স্পোর্টস ডেস্ক
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার এবং ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই কঠোর অবস্থান নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিসিবি আইসিসিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং সরকারের পরামর্শ অনুযায়ী তারা জাতীয় দলকে ভারতে পাঠাতে ইচ্ছুক নয়। এই প্রেক্ষাপটে বার্তা সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে হরভজন সিং তাঁর মতামত তুলে ধরেন।
হরভজন সিং বলেন, “গত কয়েক দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ভারতে আসতে চাইছে না। বাংলাদেশে যা ঘটেছে, তা অবশ্যই ঠিক নয়। আইসিসি এখন তাদের এই অনুরোধের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।”
তিনি আরও যোগ করেন, “ভারত সব সময়ই সব দলকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে কোনো দেশ আসবে কি না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তারা ভারতে খেলতে আসবে কি না, তা নিয়ে তাদেরই ভাবতে হবে।”
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা শুরু হয়। বিসিবি এরই মধ্যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। আইসিসি এবং বিসিসিআই এই স্পর্শকাতর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া জানায়নি।
