মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে ফিরতে পারবেন প্রবাসীরা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 days ago

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিশেষ এই উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা যেমন উপকৃত হবেন, তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বড় ধরনের লাভের মুখ দেখবে। বিশেষ করে হজ ফ্লাইটের একমুখী ফাঁকা ফ্লাইটগুলোকে এই উদ্যোগে কাজে লাগানো হবে, যার ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই পদক্ষেপের জন্য তিনি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান। তবে অতীতে অনেক উদ্যোগ সঠিক তদারকির অভাবে ব্যর্থ হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা সতর্কবার্তা দিয়েছেন যে, এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে।

  • প্রবাসীদের খবর
  • সস্তা বিমান টিকিট
  • সৌদি আরব প্রবাসী