
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্লাস্টিক–পলিথিন দূষণ রোধে করণীয় বিষয়ে বাগেরহাটের রামপালে এক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রূপান্তর প্রতিনিধি খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে এবং ইয়োথ ফোরামের এম. আর. সিফাতের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল সভাপতি এম. এ. সবুর রানা, সহসভাপতি আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ও শিক্ষক মোহাম্মদ আলী।
আলোচনায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু গর্বের ধনই নয়, এটি প্রাকৃতিক রক্ষাকবচও। তাই প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে এ বনকে রক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও বিকল্প ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
সভায় ইয়োথ গ্রুপের তরুণ-তরুণী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
