সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজান চৌধুরীঃ রাজনীতির মাঠে নতুন সমিকরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

মারুফ খন্দকার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নির্বাচনী মাঠে যোগ হয়েছে নতুন সমীকরণ। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মিজানুর রহমান মিজান। তার প্রার্থিতা এই আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন পরিচিত মুখ। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগ্রহ ও দাবির মুখেই নির্বাচনের মাঠে নামেন মিজান। তার সমর্থকদের দাবি, এলাকায় শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার ভূমিকা রয়েছে, যা ভোটারদের আস্থার জায়গা তৈরি করেছে।

এদিকে সাধারণ ভোটারদের একাংশ বলছেন, দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও কাজের মূল্যায়নই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মতে, যিনি এলাকার সমস্যা বুঝবেন এবং সংসদে তা তুলে ধরবেন, তাকেই তারা ভোট দিতে আগ্রহী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি ভোটের হিসাবকে আরও জটিল করে তুলতে পারে। এতে একদিকে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হলেও অন্যদিকে নির্বাচনী প্রতিযোগিতা আরও বাড়বে।

সব মিলিয়ে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানের অংশগ্রহণ নির্বাচনী মাঠকে প্রাণবন্ত করেছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হবে—ভোটাররা শেষ পর্যন্ত কোন সমীকরণে আস্থা রাখেন।