তথ্য প্রমাণ ছাড়া নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন ইলিয়াস হোসেন: সারজিস আলম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago
ছবি: ডানে সারজিস আলম ও বামে ইলিয়াস হোসেন

বিদেশে অবস্থানরত দুই ফেসবুক অ্যাক্টিভিস্ট তাঁর বিরুদ্ধে ‘নির্লজ্জভাবে মিথ্যাচার’ করছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মীর জাহান ও ইলিয়াস হোসেন নামের ওই দুই অ্যাক্টিভিস্টকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তথ্য-প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘Meer Zahan এবং Elias Hossain কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোনো কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে।’

সারজিস নির্দিষ্ট কোনো অভিযোগের কথা উল্লেখ না করলেও, সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা থেকে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালানোর পেছনে সারজিসের হাত ছিল বলে দাবি করেছেন ওই দুই অ্যাক্টিভিস্ট। সেই প্রেক্ষাপটেই সারজিসের এই কড়া প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে।

সারজিস আলম পাল্টা চ্যালেঞ্জ দিয়ে লিখেছেন, ‘এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য-প্রমাণ দিক। কিন্তু তা না করে এরা একটার পর একটা মনগড়া, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কারো না কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে।’

তিনি আরও যোগ করেন, ‘এদের মতো মানুষদের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহর কাছে একটাই চাওয়া, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদেরকে যেন দুনিয়াতেই ভোগ করতে হয়।’

  • ইলিয়াস হোসেন
  • এনসিপি
  • মীর জাহান
  • সারজিস আলম