সর্বকনিষ্ঠ এমপি হয়ে রেকর্ড গড়লেন হান্নান মাসউদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 17 hours ago
ছবি: নোয়াখালী-৬ আসন থেকে বিজয়ী এনসিপি নেতা ও সর্বকনিষ্ঠ এমপি আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অনন্য রেকর্ড গড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। মাত্র ২৬ বছর বয়সে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে তিনি এবারের সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। হলফনামার তথ্য অনুযায়ী, মাসউদই ছিলেন এই নির্বাচনের সবচেয়ে কম বয়সী প্রার্থী।

আবদুল হান্নান মাসউদ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের কঠিন সময়ে নেতৃত্বের সংকট মোকাবিলায় তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে বড় ব্যবধানে এই জয় উপকূলীয় জনপদে নতুন নেতৃত্বের আশা জাগিয়েছে।

২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন হান্নান মাসউদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে আবাসিক হলের নানা সমস্যা নিয়ে সোচ্চার হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়।

নোয়াখালী-৬ আসনটি মূলত মেঘনা ও বঙ্গোপসাগর উপকূলের দ্বীপ ও চরাঞ্চল নিয়ে গঠিত। নদীভাঙন, জলোচ্ছ্বাস ও অনুন্নত অবকাঠামো এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। নির্বাচনে মাসউদের মূল অঙ্গীকার ছিল আধুনিক বাঁধ নির্মাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বিজয়ী হওয়ার পর তিনি জানিয়েছেন, হাতিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। প্রশাসনকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করার পাশাপাশি ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে মৎস্য ও পর্যটন খাতের উন্নয়নের কথা বলেছেন তিনি। সেই সঙ্গে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, ডিজিটাল লাইব্রেরি স্থাপন ও চরাঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দেবেন।

সংবিধান অনুযায়ী এমপি হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। সেই হিসেবে ২৬ বছর বয়সেই সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাসউদ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোনো বড় পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা অঢেল টাকা ছাড়াই তার এই জয় দেশের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে অভিজ্ঞ রাজনীতিকদের ভিড়ে সংসদে নিজের স্বকীয়তা বজায় রাখাই এখন তার বড় পরীক্ষা।

  • নোয়াখালী-৬
  • সর্বকনিষ্ঠ এমপি
  • হাতিয়া
  • হান্নান মাসউদ