
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেউড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ: যৌথ অভিযানে ১১ নারী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে কালার গোষ্ঠী ও ধন মিয়ার গোষ্ঠীর মধ্যে এই ঘটনা ঘটে। এতে মাসুক মিয়া নামের একজন আহত হলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জুম্মার নামাজের পর পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সরাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মারুফের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ধন মিয়ার গোষ্ঠীর ৪ জন এবং কালার গোষ্ঠীর ৭ জন নারীসহ মোট ১১ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাসিমা, পাখি, শারমিন ও চাদনীসহ ১১ জনের নাম পাওয়া গেছে।
অভিযান চলাকালে বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
