শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 16 hours ago

বিনোদন ডেস্ক

শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি স্পষ্ট জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। আর যেহেতু ডিভোর্সই হয়নি, তাই নতুন করে বিয়ের প্রশ্ন তোলাটা একেবারেই অর্থহীন।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি বিশেষ পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বুবলী। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, তিনি আবার কবে বিয়ে করছেন। উত্তরে বুবলী বলেন, “শুরুতেই একটা বিষয় পরিষ্কার করি, আমাদের তো ডিভোর্স হয়নি। তাই আমার পুনরায় বিয়ের প্রশ্নই আসে না।”

বেশ কিছুদিন ধরে শাকিব খানের পরিবার তার জন্য নতুন পাত্রী খুঁজছে—এমন খবর ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে বুবলী মন্তব্য করেন যে, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের বৈবাহিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড অথবা বিধবা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ‘অতীত’ বলে কোনো আলাদা অপশন থাকতে পারে না।

শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই নায়িকা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান হওয়া স্বাভাবিক এবং সেগুলো আবার ঠিকও হয়ে যায়। বুবলী আবারও জোর দিয়ে বলেন যে, তাদের মধ্যে কখনো ডিভোর্স হয়নি। অনেকের মনে বিষয়টি নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখেই তিনি আজ বিষয়টি পরিষ্কার করে দিলেন। এই আড্ডায় তিনি নিজের জীবনের প্রথম প্রেম এবং মিডিয়া পাড়ার নানা গুঞ্জন নিয়েও বেশ খোলামেলা কথা বলেন।

  • বুবলী শাকিব সম্পর্ক
  • শবনম বুবলী
  • শাকিব খান
  • শোবিজ নিউজ