রাষ্ট্রপতিকে অভিশংসন ও গ্রেপ্তারের সময় এসেছে: নাহিদ ইসলাম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি নানা অপরাধে অভিযুক্ত এবং তাকে অভিশংসন করে অপসারন করার সময় চলে এসেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। তিনি মনে করেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত মামলা করে তাকে গ্রেপ্তার করা নতুন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে সঠিক ভূমিকা পালন করেননি। বৈষম্যবিরোধী ছাত্ররা যখন কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিল, তখনও তিনি নীরব ও নিষ্ক্রিয় ছিলেন। তার এই নীরব ভূমিকার কারণেই সেই সময় ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন। ফলে গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকেও অভিযুক্ত করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, তার বিরুদ্ধে আর্থিক অনৈতিকতার অভিযোগও রয়েছে। ফলে রাষ্ট্রপতির যে সম্মান বা অভিভাবকসুলভ ব্যক্তিত্ব থাকা প্রয়োজন, তার কিছুই বর্তমানে অবশিষ্ট নেই। তিনি মনে করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু জাতীয় ঐক্য রয়েছে, তাই সংসদে সরকারি ও বিরোধী দল মিলে রাষ্ট্রপতির অভিশংসনের পদক্ষেপ নেবে।

তিনি আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার খাতিরে তাকে রেখে দেওয়া হলেও এখন জনগণের দাবি অনুযায়ী পরিবর্তনের সময় এসেছে। নতুন সরকার ও নতুন সংসদ গঠিত হওয়ায় রাষ্ট্রপতির বিদায় এখন কেবলই সময়ের ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।

  • এনসিপি
  • নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতি অভিশংসন