
আন্তর্জাতিক ডেক্স
ইরানের বিপক্ষে চলমান উত্তজনা ও সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবি করেন। সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্পুটনিক রেডিওকে দেওয়া ওই সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছিল। কিন্তু সেই আগ্রাসনে তারা সফল হতে পারেনি।
রাশিয়ার এই মুখপাত্র আরও উল্লেখ করেন, “আমাদের দেশ একেবারে শুরু থেকেই বলে আসছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সামরিক হস্তক্ষেপে এই পরিস্থিতির কোনো টেকসই সমাধান সম্ভব নয়।”
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ধরে নানা হুঁশিয়ারি ও আস্ফালন দিয়ে আসছিলেন। কখনো তিনি দাবি করেছেন ইরান সক্ষমতা হারিয়েছে, আবার কখনো বলেছেন দেশটিতে শাসন পরিবর্তন হয়েছে। তবে রাশিয়ার মতে, ট্রাম্পের এই দাবিগুলোর কোনোটিই বাস্তবে রূপ নিতে পারেনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও সামরিক আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে ইরানও এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে।
