
ছবি: মোস্তাফিজুর রহমান
আকাশ দাশ সৈকত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা আসর শুরুর আগেই বড় ধাক্কা খেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তিনবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের বর্তমান স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে।
এবারের আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। তবে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতার কারণে মোস্তাফিজের খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। এছাড়া ভারতের কিছু কট্টরপন্থী সংগঠনের পক্ষ থেকে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও করা হয়। এর প্রেক্ষিতে আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে বাদ দেওয়ার নির্দেশনার কথা নিশ্চিত করেন।
বিখ্যাত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের কড়া নির্দেশনার পরই কলকাতা নাইট রাইডার্স এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কেকেআর এক বিবৃতিতে জানায়, “বিসিসিআইয়ের নির্দেশনা অনুসরণ করে এবং অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুযায়ী, আমরা দ্রুতই তাঁর পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করব।
“মোস্তাফিজের মতো একজন তারকা বোলারকে হারানো কেকেআরের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তবে রাজনৈতিক কারণে বিসিসিআইয়ের এমন কঠোর অবস্থান আইপিএলের ময়দানে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বদলি ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
