
ছবি: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
বিনোদন ডেস্ক: অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ থেকে সসম্মানে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত তাঁদের এই মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানির জন্য নির্ধারিত দিনে মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আদালতে উপস্থিত হন। শুনানির শুরুতে মামলার বাদী আমিরুল ইসলাম উপস্থিত না থাকলেও পরে তিনি আদালতে আসেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৭ লাখ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থেকে তাঁদের মুচলেকা নিয়ে অব্যাহতি প্রদান করেন। এর আগে গত ১৬ নভেম্বর এই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন মেহজাবীন ও আলিসান।
মামলার বিবরণী অনুযায়ী, বাদি আমিরুল ইসলামের সঙ্গে মেহজাবীন চৌধুরীর দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সুবাদে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা নেওয়ার অভিযোগ আনেন বাদি। পরবর্তীতে ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে মেহজাবীন ও তাঁর ভাই কালক্ষেপণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
নথিতে আরও বলা হয়, গত বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাওয়ায় গত ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বাদিকে ডাকা হয়। সেখানে মেহজাবীন, তাঁর ভাইসহ অজ্ঞাত ৪-৫ জন বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুনরায় টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। ভাটারা থানা পুলিশ বিষয়টি নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে বাদি আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় এই মামলাটি দায়ের করেছিলেন। আজকের রায়ের মাধ্যমে মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই এই আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন।
