মুফতি আমজাদ হোসাইন আশরাফীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কৃষ্ণনগরের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত সকল কাগজপত্র সঠিক থাকা এবং প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুফতি আমজাদ হোসাইন আশরাফীর প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর নবীনগরের আলেম সমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় মুফতি আমজাদ হোসাইন আশরাফী বলেন, “গত চার বছর কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি সফলভাবে দায়িত্ব পালন করেছি। জনগণের কল্যাণে অনেক কাজ করতে চাইলেও চেয়ারম্যানের ক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। সেই অপূর্ণ কাজগুলো শেষ করতে এবং নবীনগরবাসীর সেবায় আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্যেই আমি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।”

তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষে চেয়ারম্যান পদের মেয়াদ এক বছর বাকি থাকতেই তিনি পদত্যাগ করে এমপি পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, আজকের এই প্রাথমিক সফলতা নবীনগরের সকল মানুষের। একটি সুন্দর ও আদর্শ নবীনগর গড়ার স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান এবং জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

  • নবীনগর
  • বাংলাদেশ খেলাফত মজলিস
  • ব্রাহ্মণবাড়িয়া-৫
  • মুফতি আমজাদ হোসাইন আশরাফী
  • সংসদ নির্বাচন ২০২৬