কোটি টাকার সম্পদ মাহফুজ আলমের ভাইয়ের, লড়ছেন এনসিপির হয়ে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়ছেন মাহবুব আলম। তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে তাঁর ১ কোটি ১০ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, পেশায় ব্যবসায়ী মাহবুব আলমের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। তিনি এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। গত অর্থবছরে তিনি প্রথমবারের মতো ১ লাখ ৫০ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন। তাঁর বাবা আজিজুর রহমান রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সম্পদের বিবরণে দেখা যায়, মাহবুব আলমের প্রোপাইটরশিপ ব্যবসায় মূলধনের পরিমাণ ৭৬ লাখ টাকা। এছাড়া দুটি কোম্পানিতে তাঁর ১৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার রয়েছে। তাঁর মালিকানায় রয়েছে ৮ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য। হাতে নগদ ৩০ হাজার টাকা এবং চারটি ব্যাংক হিসাবে রয়েছে ৫৪ হাজার ৬১২ টাকা। সব মিলিয়ে তাঁর অর্জনকালীন স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ টাকা হলেও বর্তমান বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

আশ্চর্যজনকভাবে হলফনামায় তাঁর নামে কোনো কৃষি বা অকৃষি জমি, গাড়ি, ফ্ল্যাট কিংবা প্লটের তথ্য উল্লেখ করা হয়নি। সম্পদের উৎস সম্পর্কে মাহবুব আলম জানান, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি প্রায় এক বছর অস্ট্রেলিয়ায় ছিলেন। সেই সময়েই তিনি এই অস্থাবর সম্পদগুলো অর্জন করেছেন।

উল্লেখ্য যে, মাহফুজ আলম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক পদক্ষেপে সাধারণ মানুষের বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।