মাধবপুরে দিনদুপুরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

মাধবপুর প্রতিনিধি

‎‎হবিগঞ্জের মাধবপুরে দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে স্কুলে পরীক্ষা নেওয়ার সময় দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে এক তরুণীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।‎‎ঘটনাটি ঘটেছে উপজেলার জগদীশপুর ইউপির জগদীশপুর গ্রামের চাষী মার্কেট-সংলগ্ন এলাকায়।‎ভুক্তভোগী গৌরী রাণী বণিক, স্থানীয় জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, চাষী মার্কেটের পেছনে অবস্থিত ওই বাসায় নারী সদস্যসহ ৩–৪ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রথমে পরিচয় ও শিক্ষিকার মোবাইল নম্বর চাইতে আসে। এভাবে কৌশলে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তারা ঘরে থাকা মেয়েটিকে মাথায় আঘাত করে এবং মুখে কাগজ ঠেসে অজ্ঞান করে ফেলে।‎‎পরে আলমিরা ভেঙে দুর্বৃত্তরা ৪–৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩–৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।‎ঘটনার পর শিক্ষিকার স্বামী বাবুল বণিক এবং জগদীশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূঁইয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।‎‎শিক্ষিকা গৌরী রাণী বণিক বলেন, “দিনদুপুরে আমার ঘরে ডাকাতি হয়েছে। আমার সবকিছু তারা নিয়ে গেছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”‎‎এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”