
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান। কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের এই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
সংসদ সদস্যের ঘনিষ্ঠ সূত্র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নির্বাচনের আগে থেকেই মুশফিকুর রহমান মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সভা-সেমিনারে এ বিষয়ে আলোচনা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকেই কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথ দিয়ে প্রতিদিন ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে। সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে আসা এসব মাদক সড়ক ও রেলপথে সারা দেশে ছড়িয়ে পড়ছে। চিঠিতে আরও দাবি করা হয়েছে, সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এই অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোসহ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে, তবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব হবে।
