‘ভোট ডিলিট কর, না হলে প্রবলেম হবে’: চমক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 hours ago

বিনোদন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের পর শোবিজ অঙ্গনের অনেক তারকাই আলোচনায় এসেছেন। তবে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিজের ভোট প্রদানের ছবি পোস্ট করে এবং পরবর্তীতে ডিলিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর নিজের ফেসবুক পেজে ধানের শীষ প্রতীক এবং গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ চিহ্নে সিল দেওয়া ছবি পোস্ট করেন চমক। তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা মুছে ফেলেন তিনি। এরপর একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে চমক রহস্যজনকভাবে লেখেন, ‘ভোট ডিলিট কর, না হলে প্রবলেম হবে।’ যা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

নির্বাচন শেষে শুক্রবার রাতে বিএনপি ও জোটের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত একটি অভিনন্দন বার্তা শেয়ার করেন চমক। ফটোকার্ডটিতে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পার্থ, লুৎফুজ্জামান বাবর ছাড়াও তরুণ প্রজন্মের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও নুরুল হক নূরের ছবি ছিল।ক্যাপশনে চমক লেখেন, “অভিনন্দন নব্য নির্বাচিত সংসদ সদস্যদের। জাতি যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, আশা করি ও বিশ্বাস করতে চাই আপনারা তাদের নিরাশ করবেন না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।”

চমকের এই অভিনন্দন বার্তার নিচে মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই অবস্থানকে স্বাগত জানালেও কেউ কেউ কঠোর সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এত তাড়াতাড়ি চাটুকারিতা শুরু করে দিলেন?’ অন্য একজন লিখেছেন, ‘সুবিধাবাদী চরিত্র পাল্টাবে না।’ তবে ভক্তদের বড় একটি অংশ তাকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন সবাইকে, নতুন বাংলাদেশের অপেক্ষায়।’