ভারতকে পাত্তাই দিল না আরব আমিরাত, ৭ উইকেটের বড় জয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বড় অঘটনের জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে আমিরাতের মেয়েরা। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর অধিনায়ক এসা ওঝার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই আমিরাতের বোলারদের তোপে পড়ে ভারতীয় টপ অর্ডার। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন আনুস্কা শর্মা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন তিনি। শেষদিকে তানুজা কানওয়ারের ৩৪ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানের লড়াই করার মতো পুঁজি পায় ভারত। আরব আমিরাতের পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩টি উইকেট নেন সামাইরা।১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। প্রথম জুটিতে ৪০ রান তোলার পর ১০ রান করে ফেরেন থেরথা সাতিস। এরপর অধিনায়ক এসা ওঝা একাই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন। দ্বিতীয় উইকেটে সামাইরাকে নিয়ে গড়েন ৭১ রানের ম্যাচজয়ী জুটি।

এসা ওঝা শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করেই ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত। ভারতের পক্ষে রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার একটি করে উইকেট পেলেও দলের হার রুখতে পারেননি।