ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা সভাপতি এম এ হান্নান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি (ইয়াছিন চৌধুরী):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। জাতীয় সংসদের এই আসনটির নম্বর ২৪৩।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই নাসিরনগরে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। উপজেলাজুড়ে ধানের শীষের সমর্থনে তাৎক্ষণিক মিছিল ও শোভাযাত্রা বের করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এ হান্নান মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “নাসিরনগরের মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ। তাদের প্রত্যাশা পূরণে এবার ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”

তিনি আরও বলেন, গত সতেরো বছরে এই এলাকায় প্রকৃত উন্নয়ন হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ। এবার অবহেলিত মানুষের স্বপ্ন পূরণের জন্য দল তাঁকে মনোনয়ন দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হতে পারলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং নাসিরনগরের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবেন। তাঁর মতে, এর মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নাসিরনগরের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপি নেতারা এম এ হান্নানের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, এবার ঐক্যবদ্ধ বিএনপি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

  • ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন উপজেলা সভাপতি এম এ হান্নান