ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃ/ত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago
ছবি: নিহত মিঠুন মিয়া

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ভাইয়ের ঝগড়ার জেরে ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাই মিঠুন মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্বপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মিঠুন মিয়া ওই গ্রামের মো. আঙুর মিয়ার বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে বাড়িতে দুই ভাই মিঠুন মিয়া ও ইমরান মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই ইমরান উত্তেজিত হয়ে বড় ভাই মিঠুনের বুকে সজোরে ঘুসি মারেন। ঘুসির আঘাতেই মিঠুন মিয়া তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিঠুনকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

  • ব্রাহ্মণবাড়িয়া
  • সরাইল
  • হত্যাকাণ্ড