
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরকে সবুজায়নের লক্ষ্যে গড়ে ওঠা অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ গ্রুপের উদ্যোগে চতুর্থ বিশেষ গেট-টুগেদার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের শেখ হাসিনা সড়কের পাশে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ছাদবাগান ও বৃক্ষপ্রেমী অংশ নেন। ইভেন্টের বিশেষ আকর্ষণ ছিল ছাদবাগানীদের মধ্যে দুর্লভ জাতের ফুল, ফল ও ফসলের চারা, বীজ এবং কাটিং আদান-প্রদান। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রকার চারা, গার্ডেন টুলস, সার ও কীটনাশক উপহার হিসেবে বিতরণ করা হয়।
গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুফতি কাজী এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত। তিনি বলেন, “ছাদবাগান করা এবং এ বিষয়ে মানুষকে উৎসাহিত করা একটি মহৎ উদ্যোগ। শহরের ইট-পাথরের জীবনে সবুজের ছোঁয়া বজায় রাখতে এই গ্রুপের কার্যক্রম প্রশংসনীয়।”
মুফতি কাজী এনাম তার বক্তব্যে বলেন, বিষাক্ত বাতাস ও ফরমালিনমুক্ত খাবারের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মানুষ এখন নিজের আঙিনা বা ছাদকে কাজে লাগাচ্ছে। আমাদের গ্রুপটি ছাদের পরিত্যক্ত অংশকে সবুজে ভরিয়ে তুলতে বাগানীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শরিফুল ইসলাম মাসুদ, শাকিল আহমেদ সারওয়ার, মাওলানা মুছা সরকার, মাওলানা আহমেদ নূর, জুয়েল ইকরাম এবং নারী উদ্যোক্তা কাজী ফারজানা, আফরোজা হানি ও মৌসুমি আক্তারসহ আরও অনেক বৃক্ষপ্রেমী উপস্থিত ছিলেন।
