নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় নূর এলপিজি-কে জরিমানা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও জরিমানা আদায়ের দৃশ্য

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বিভিন্ন দোকানে চড়া দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এলপিজি গ্যাসের সাব-ডিলার ‘নূর এলপিজি’ নামক দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায় করার প্রমাণ মেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নূর এলপিজি দোকানে অতিরিক্ত মূল্য আদায়ের পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিষ্ফোরক লাইসেন্স না থাকার মতো অনিয়মও পাওয়া গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোকানের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরণের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। ভোক্তা অধিকার দপ্তর জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজারে এমন তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • এলপিজি গ্যাস
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ভোক্তা অধিকার