
ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে আসামি পলাতক
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক দুর্ধর্ষ আসামি পালিয়ে গেছেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ডেপুটি জেলারসহ ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, নবীনগর থানায় ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দিদার হোসেন নামের এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় কারাগার থেকে বেরিয়ে যায়। পলাতক হৃদয় কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। সে ২০১৮ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম এবং সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেনসহ ৮ জনকে বরখাস্ত করা হয়। অন্য বরখাস্তকৃতরা হলেন— কারারক্ষী মোরশেদ আলম, মো. হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম এবং শাহাব উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা সচল ছিল না, যার সুযোগ নিয়েছে ওই আসামি। এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানিয়েছেন, পলাতক হৃদয়কে দ্রুত গ্রেফতারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
