
পর্তুগালে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের গ্রুপ ছবি
দেলোয়ার হোসাইন মাহদী:
পর্তুগালে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের অন্যতম শীর্ষ সামাজিক সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগাল”-এর নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানী লিসবনের লিটন টার্কিশ গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কাজী আনোয়ার হোসেন কায়েফ সভাপতি এবং সোহাগ হাসান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া কাজী মইনুর ইসলামকে সিনিয়র সহসভাপতি, জহিরুল ইসলাম ফেরদৌসকে সিনিয়র সাধারণ সম্পাদক, সাব্বির মাহমুদকে সাংগঠনিক সম্পাদক এবং মাহাদী ইসলাম জয়কে কমিটির মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসে থাকা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং যেকোনো বিপদাপদে একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবু শিকদার, শেখ সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম জয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহেদুজ্জামান মোল্লা, প্রধান উপদেষ্টা সাহাদাৎ হুসাইন শাহিনসহ উল্লেখযোগ্য সংখ্যক উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের তালিকায় আরও ছিলেন মেহেদী হাছান মানিক, ফারুকুল ইসলাম, কাজী সাত্তার, এস এম জাবেদ, আবদুল্লাহ আল মামুন ও নাছির মিয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় চার থেকে পাঁচ শতাধিক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই অভিষেকের সমাপ্তি ঘটে।
