
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটির মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি থাকার অভিযোগে তিন আসনের মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকায় অনিয়ম পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে যাচাইকালে অনেক ভোটার স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।যাদের মনোনয়ন বাতিল হলো: বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ৪ জন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১: হাবিবুর রহমান ও নজরুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়া-৩: আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ (কসবা–আখাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জন প্রার্থীর সবার আবেদন বৈধ বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই আসনে কারো মনোনয়ন বাতিল হয়নি।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা চাইলে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, নির্বাচন চলাকালে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) জেলার বাকি তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।
