ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তার অভিযানে দুই বেকারিকে ০১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ০২ বেকারিকে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বুধল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এ অভিযানটি পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ। অভিযানকালে বুধল বাজারে অবস্থিত জমজম বেকারি অ্যান্ড সুইটস ও আল আমিন বেকারি পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, বেকারি দুটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

পরিদর্শনে আরও উঠে আসে, প্রতিষ্ঠান দুটি সরকারি নীতিমালা ও স্বাস্থ্যবিধি প্রকাশ্যে লঙ্ঘন করছে। এপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,-২০০৯ অনুযায়ী জমজম বেকারি অ্যান্ড সুইটসকে ০১ লক্ষ টাকা এবং আল আমিন বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বেকারি মালিকদের চূড়ান্তভাবে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে জনস্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।