ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার: ভাইয়ের খোঁজে গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখলেন বোন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি (দেলোয়ার হোসাইন মাহদী):

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা মহল্লার নিজ বাড়ি থেকে মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আনুমানিক বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত মাহবুবুর রহমান স্থানীয় মহিউদ্দিন খানের ছেলে এবং তিনি বাড়িতে একা বসবাস করতেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর বোন তাঁর ভাইয়ের সাথে শেষবারের মতো ফোনে কথা বলেছিলেন। এর পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল এবং কোনো প্রকার যোগাযোগ সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তাঁর বোন খোঁজ নিতে বাড়িতে এলে প্রতিবেশীরা তাঁকে জানান যে ঘর থেকে অস্বাভাবিক দুর্গন্ধ আসছে। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অর্ধগলিত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রায় তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অনেকে মনে করছেন, তিনি অসুস্থতা বা অন্য কোনো প্রাকৃতিক কারণে মারা গিয়ে থাকতে পারেন। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

  • ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার: ভাইয়ের খোঁজে গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখলেন বোন