
বেলকুচিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বিজয়ীদের অভিনন্দন জানান অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ এবং সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি, মেডেল এবং সনদপত্র তুলে দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বেলকুচি শাখার আয়োজনে পুরো অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
