জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে বেলকুচিতে মসজিদের ইমামকে অব্যাহতি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজনৈতিক অভিযোগ তুলে এক মসজিদের ইমামকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর একটি বৈঠকে অংশ নিতে যাওয়ার সন্দেহে ‘তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদ’ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজীকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইমাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, গত ২৬ জানুয়ারি বিকেলে তিনি এক অমানবিক ও অন্যায় সিদ্ধান্তের শিকার হন। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তিনি বিএনপি মনোনীত প্রার্থীর নিজ গ্রামের মসজিদের ইমাম হওয়া সত্ত্বেও জামায়াতের একটি বৈঠকে যাওয়ার পথে ছিলেন। তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু শাহিন মল্লিক মোবাইল ফোনের মাধ্যমে তাকে মসজিদে আসতে নিষেধ করেন।ভুক্তভোগী ইমাম ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আলেম ও ইমাম হিসেবে তার দায়িত্ব নামাজ পড়ানো এবং নৈতিকতা শিক্ষা দেওয়া। তিনি প্রশ্ন তোলেন, একজন ইমামের কি নাগরিক হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা নেই? ধর্মীয় দায়িত্ব পালন কি এখন রাজনৈতিক অনুমতির ওপর নির্ভর করবে? তিনি এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতা ও আলেম সমাজের মর্যাদার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি কোনো সংঘাত বা প্রতিহিংসা চান না, কেবল ন্যায়বিচার চান। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। আজ তাকে বিনা নোটিশে অপমান করায় ভবিষ্যতে অন্য আলেমদের সঙ্গেও এমনটি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মসজিদ কমিটির সভাপতি বা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

  • জামায়াতে ইসলামী
  • বেলকুচি
  • মসজিদের ইমাম