
আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মজীবী নারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সচেতন কর্মজীবী নারী সমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা হাতে ঝাড়ু নিয়ে জামায়াত আমিরের নারীবিদ্বেষী ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদী স্লোগানে এসময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষুব্ধ নারীরা বলেন, “ডা. শফিকুর রহমানের বক্তব্য সমগ্র নারী সমাজের জন্য অবমাননাকর। এটি একটি কুৎসিত ও পশ্চাৎপদ মানসিকতার বহিঃপ্রকাশ।” তারা আরও বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এমন ভাষা ও আচরণ প্রত্যাশিত নয়। এ ধরনের মন্তব্য সমাজে নারীদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কর্মজীবী নারীদের অবদান অনস্বীকার্য। নারীরা ঘরে-বাইরে সমানতালে কাজ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ সেই নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা মানে পুরো জাতিকেই হেয় করা। বক্তারা এই বিতর্কিত পোস্টের জন্য ডা. শফিকুর রহমানকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে বেলকুচি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী নারী ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
