বেলকুচিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 14 hours ago

আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসন, বেলকুচির আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকশিত করা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এই মেলার আয়োজন। এটি তরুণ প্রজন্মকে বাস্তব জীবনে বিজ্ঞানভিত্তিক জ্ঞান প্রয়োগে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্ভাবনী এই আয়োজন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

  • বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
  • বিজ্ঞান মেলা ২০২৬
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ