বেলকুচিতে অবৈধ দলিলের মাধ্যমে বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 minutes ago

আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে বাড়ি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী ইমদাদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমদাদুল হক জানান, ১৯৭৭ সালে উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে তিনি ও তার ভাইয়েরা জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে এক ভাইয়ের অংশ তিনি ও তার অপর এক ভাই দলিলমূলে কিনে নেন। কিন্তু তার মৃত ভাই আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন ২০১৩ সালে একটি অবৈধ ‘হেবানামা’ দলিল তৈরি করে জমিটি জবরদখলের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে, আদালত উক্ত দলিলটিকে অবৈধ ঘোষণা করেন; কারণ আব্দুল মান্নান জীবিত থাকাবস্থায় ওই জমি আগেই ইমদাদুল হকের কাছে বিক্রি করেছিলেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিবাদী শেফালী খাতুন এই জমি নিয়ে আদালতে মামলা করলেও তা খারিজ হয়ে যায়। আদালতের রায় বিপক্ষে যাওয়ার পরও বিবাদীরা বর্তমানে জোরপূর্বক তার জায়গা ও বসতবাড়ি দখলের পাঁয়তারা করছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে এবং জানমালের নিরাপত্তায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।

  • অবৈধ দলিল
  • জবরদখল
  • জমি সংক্রান্ত বিরোধ
  • সংবাদ সম্মেলন
  • সিরাজগঞ্জ