বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই সংরক্ষণ সপ্তাহ চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে জাটকা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ আমাদের অর্থনীতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই জাটকা সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রচলিত আইন মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, জেলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ রফিক আহমেদ, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী।

সভায় বক্তারা জানান, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছকে জাটকা হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদী ও জলাশয়ে নিয়মিত অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

  • জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ