
আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় নয় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলকুচি পৌরসভার সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনের বাণী— “হে মুমিনগণ, তোমরা তোমাদের উত্তম উপার্জন থেকে ব্যয় কর” (সূরা আল-বাকারা)—এর আলোকে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক হাজী আলতাফ হোসেন প্রামানিক বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত থেকে এ মানবিক কার্যক্রমকে স্বাগত জানান।
