বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

এছাড়াও পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও নারী নেত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। নারী ও কন্যাশিশুর মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বক্তারা নারীর প্রতি সব ধরনের বৈষম্য, সহিংসতা ও নির্যাতন বন্ধ করে তাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তব্যকালে তারা আরও উল্লেখ করেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদার করা জরুরি। নারীর জন্য ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে দিবসটির গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।