বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 14 hours ago

ঢাকা প্রতনিধি

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে প্রধান বিরোধী দল থেকে প্রার্থী নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঐকমত্যের ভিত্তিতে কার্যক্রম শুরু করতে চায়। তিনি বলেন, “স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছি যেন তারা তাদের প্রার্থী ঠিক করেন।”

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই নেওয়ার সুযোগ থাকলেও সমঝোতার খাতিরে বিরোধী দলকে এই সুযোগ দেওয়া হচ্ছে। জুলাই জাতীয় সনদের আলোকে সংসদে দুটি ডেপুটি স্পিকার পদ সৃজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এর মধ্যে একটি পদ বিরোধী দল পাবে।

তিনি স্পষ্ট করে বলেন, যদিও সুনির্দিষ্টভাবে সব নিয়ম আগে থেকে বলা নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই নির্বাচিত হবেন। এই পদক্ষেপকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখছে সরকার।

  • ডেপুটি স্পিকার
  • সালাহউদ্দিন আহমদ
  • স্বরাষ্ট্রমন্ত্রী