
বিডি-ক্লিন-ঢাকার-বিভাগীয়-সমন্বয়ক-এম-জয়নাল-আবেদীন-সবুজ
মুহাম্মদ এরশাদুল ইসলাম:
একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়া দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এম জয়নাল আবেদীন সবুজ। সম্প্রতি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক অভিনন্দন বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”— এই স্লোগান নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিন বর্তমানে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫০ হাজারেরও বেশি সক্রিয় সদস্য নিয়ে কাজ করছে। এম জয়নাল আবেদীন সবুজ ২০১৯ সালে একজন সাধারণ সদস্য হিসেবে এই সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তার মেধা, কর্মনিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সর্বশেষ বিভাগীয় সমন্বয়কের এই শীর্ষ পদে আসীন হলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এম জয়নাল আবেদীন সবুজ বলেন, “পদ কখনোই ক্ষমতার প্রতীক নয়; পদ হলো দায়িত্ব ও জবাবদিহিতার অঙ্গীকার। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণ এবং নিজেকে একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই বিডি ক্লিনের মূল লক্ষ্য। আমি সবাইকে আহ্বান জানাই— আসুন একা নয়, সবাই এক হয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করি।” তিনি আরও জানান, এই আস্থার প্রতিদান দিতে বিডি ক্লিন-ঢাকাকে একটি আদর্শিক ও শক্তিশালী টিম হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যক্তিজীবনে এম জয়নাল আবেদীন সবুজ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াটি গ্রামের মরহুম হাশমত আলী বেপারীর জ্যেষ্ঠ সন্তান। তিনি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। শৈশব থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে তার বিশেষ আগ্রহ তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে।
তার এই দায়িত্বপ্রাপ্তির খবরে বিডি ক্লিনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তায় ভাসছেন এই তরুণ সংগঠক।
