
বিএনপি নেতা আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। ছবি: সংগৃহিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি.
দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে নির্বাচনে লড়বেন। মোর্শেদ আলম বর্তমানে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। মোর্শেদ আলম নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তিনি ইতোমধ্যে উপজেলা ও জেলা বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনী ঘোষণা দিয়ে মোর্শেদ আলম বলেন, “আমি কোনো পদ বা ক্ষমতার লোভে রাজনীতি করি না। ভালুকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই পথে যে কোনো ধরনের বাধা, আঘাত কিংবা দলীয় শাস্তি আসুক না কেন, আমি তা মাথা পেতে নেব এবং শেষ পর্যন্ত জনগণের পাশেই থাকব।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল। তবে অপরাজনীতির পচন থেকে দূরে থাকতেই তিনি এই স্বতন্ত্র পথ বেছে নিয়েছেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
