বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার ভবনসহ জমি জব্দের আদেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের মালিকানাধীন গুলশানের বহুতল ভবনসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।

আদালতের সূত্র অনুযায়ী, গুলশানের দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবন ও জমি এবং ভাটারা এলাকার ৩ দশমিক ৩৭৭ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আকবর সোবহান ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশাল অংকের অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ১০ সদস্যের অনুসন্ধান দল কাজ করছে। প্রাথমিক তদন্তে দেশ-বিদেশে তাদের বিপুল সম্পদের তথ্য মিলেছে। দুদক জানতে পেরেছে যে, তদন্ত চলাকালীন আফরোজা বেগম তার স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু বিচার ও মামলা দায়েরের স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা জরুরি হয়ে পড়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার তদন্ত জোরালো হয়েছে। ইতিপূর্বে গত অক্টোবরে আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করে বিএফআইইউ। একই সাথে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এছাড়া, গত জুনে দুদকের পক্ষ থেকে আহমেদ আকবর সোবহানের দুই ছেলে— সাফিয়াত সোবহান ও সাদাত সোবহানের যুক্তরাজ্যে পাচার করা সম্পদের তথ্য চেয়ে সে দেশে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সিআইডি দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল এবং অর্থপাচারের অভিযোগে গ্রুপের চেয়ারম্যান ও তার ছেলে সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

  • আফরোজা বেগম
  • আহমেদ আকবর সোবহান
  • দুদক
  • দুর্নীতি
  • বসুন্ধরা গ্রুপ
  • সম্পদ জব্দ