বরিশাল-৩ আসনে বড় ব্যবধানে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

বরিশাল প্রতিনিধি

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এই ফলাফল ঘোষণা করেন।

১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির আসাদুজ্জামান ভুঁইয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। ২১ হাজার ৯৮২ ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হলেন জয়নাল আবেদীন।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ Sac৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন একজন।

সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফলের এই বিশাল ব্যবধান নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে এই আসনে শক্তিশালী অবস্থান তৈরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধানের শীষের জোয়ারে তাকে হার মানতে হলো।