বরগুনার দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

বরগুনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩২টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে বরগুনা জেলার দুটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. নজরুল ইসলাম মোল্লা ও আলহাজ নূরুল ইসলাম মণি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

  • বরগুনা-১ আসনে (বরগুনা সদর, আমতলী ও তালতলী, আসন নং-১০৮) মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা
  • বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী, আসন নং-১০৯) মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি

মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই বরগুনা-১ ও ২ আসনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বরগুনা সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলায় দলীয় নেতাকর্মীরা ‘ধানের শীষের’ সমর্থনে তাৎক্ষণিক মিছিল ও শোভাযাত্রা বের করেন।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, “আমরা বরগুনার দুটি আসনেই আমাদের কাঙ্ক্ষিত যোগ্য প্রার্থী পেয়েছি। এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। আমাদের মধ্যে কোনো গ্রুপিং বা বিভেদ নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হব।”

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরগুনা-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “১৯৯১ সালের পর বরগুনা-১ আসনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। এই এলাকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী ছিল, এবার তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।”

অন্যদিকে, বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ নূরুল ইসলাম মণি বলেন, তাঁর সময়ে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু গত ১৭ বছরে এখানে কোনো উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ। তিনি বলেন, “এবার পাথরঘাটা–বামনা–বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণের জন্য দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলব। এতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব দূর হবে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।”

  • বরগুনার দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি