
ফেনী প্রতিনিধি
সীমানার প্রাচীর আর ভাষার ব্যবধান ঘুচিয়ে ভালোবাসার টানে শ্রীলঙ্কা থেকে ফেনীর দাগনভূঞায় ছুটে এসেছেন এক তরুণী। কেবল আসাই নয়, নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় এক যুবকের সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাব এবং শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টি ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে সহকর্মী ছিলেন। সেখানে কাজ করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব হয়, যা পরবর্তীতে গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ তিন বছরের প্রণয় শেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ওমানে বিয়ের আইনি জটিলতা থাকায় তারা নিজ নিজ দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ৩১ জানুয়ারি শিহাব বাংলাদেশে ফেরেন এবং তার টানেই গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশে পা রাখেন ইশারা মাট্টি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি দাগনভূঞায় শিহাবের বাড়িতে চলে আসেন। শিহাবের পরিবার ভিনদেশি এই বধূকে বেশ আন্তরিকতার সাথেই বরণ করে নেয়। বাড়িতে আসার পর ইশারা মাট্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। এরপর পারিবারিক ও ধর্মীয় রীতি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শিহাব জানান, ওমানে থাকার সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতেই তারা দেশে এসে বিয়ের কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে জান্নাত তার শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষ হওয়া সত্ত্বেও কেবল ভালোবাসার টানে জান্নাতের এই সাহসী পদক্ষেপ স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
