বদর-ওহোদ-সিফফিন-কারবালা-তোমাদেরই আলোকধারায় সব মুমিনের পথচলা-আল্লামা ইমাম হায়াত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

ঐতিহাসিক ১৭ রমজান, ইসলামের সুমহান বিজয়ের স্মৃতিবিজড়িত পবিত্র বদর দিবস। এই দিবস উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াতের গুলশান কার্যালয়ে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সভাপতির বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, “বদর-ওহোদ-সিফফিন-কারবালা—এই মহান ঘটনাবলির আলোকধারায় সব মুমিনের পথচলা। বদর ও ওহোদে হকের পক্ষ ও দুশমন এবং সিফফিন ও কারবালায় হকের পক্ষ ও দুশমন ভিন্ন বেশে হলেও একই ধারার সংঘাত।” তিনি উল্লেখ করেন, আইয়ামে জাহেলিয়াতের বাতিল ও জালিম শক্তির ধ্বংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমান, দ্বীন, খেলাফত এবং সমগ্র মানবতাকে রক্ষায় প্রিয়নবীর সাথে সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গই ইসলামের প্রথম বিজয় বা বদর যুদ্ধের মূল চেতনা।

তিনি আরও বলেন, বদর ও ওহোদে যারা সরাসরি ইসলামের উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিল, সিফফিন ও কারবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন মোয়াবিয়া ও এজিদ চক্রের নেতৃত্বে মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এটি মূলত ইসলাম, মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরুদ্ধে চক্রান্তের এক অবিচ্ছেদ্য ধারা।

আল্লামা ইমাম হায়াত মুমিনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈমান, দ্বীন ও মানবতা রক্ষায় প্রিয় নবী (সা.) প্রদত্ত সব মানুষের নিরাপত্তা, অধিকার ও মানবিক সাম্যের ভিত্তিতে ‘খেলাফতে ইনসানিয়াত’ প্রতিষ্ঠার শপথে বদর দিবসসহ সকল জিহাদ ও শাহাদাতের পবিত্র আমানত পালন করতে হবে।

  • ১৭ রমজান
  • আল্লামা ইমাম হায়াত
  • ইসলামি ইতিহাস
  • বদর ও কারবালা
  • বদর দিবস
  • বিশ্ব ইনসানিয়াত
  • বিশ্ব সুন্নী আন্দোলন