তেঁতুলিয়ায় নকল ব্র্যান্ডের চা বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মোঃ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের ‘বাংলাদেশ টি’ এবং দেশের নামি ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে চা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলার ‘হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এর মালিক মো. হাফিজুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। অভিযানকালে ৪৫ কেজি ব্ল্যাক টি, ৭ কেজি গ্রিন টি, ১২ কেজি নকল খালি প্যাকেট, একটি সিলার মেশিন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। চা খাতের অনিয়ম বন্ধ, অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং সরকারের রাজস্ব ফাঁকি ঠেকাতে জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াছমিন জানান, চা বোর্ডের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসা করছে। এমনকি সরকারি ও স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এসব অনিয়ম বন্ধে পঞ্চগড়জুড়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনসহ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তেঁতুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের কড়াকড়ি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।